মায়ের কান্না

-কাজী মো. হাসান

বুক ভাঙা মা ডাক দিয়ে যায়
আয়রে খোকা আয় ছুটে আয়
ঈদের ছুটি এলো,
নানান কাজের চাপের ভীড়ে
মুখখানি তোর দেখিনি রে
কতদিন যে হলো!
একাত্তরের কালো রাতে
ঘর ছাড়া তুই কাস্তে হাতে
বললি-‘মাগো আসবো ফিরে
পাক সেনাদের খতম করে
দেশটা স্বাধীন হলে-
সেই থেকে তো দাওয়ায় বসে
কাটছে সময় পথটা চষে
নয়ন ছলোছলো।

স্বাস্থ্যটা তোর এমনি ভাঙা
লাজুক নয়ন আলতো রাঙা
হ্যাংলা গড়ন খানি,
একটু ক্ষুধায় পড়তি ঝুঁকে
ঠাঁই নিতি এই মায়ের বুকে
শ্রেষ্ঠ পাওয়া মানি।
লাজে কিছু চাসনি মোটে
না জানি সব কোথায় জোটে
অভিমান আর হস্ যদি রাগ
কে দেয় জানি একটু সোহাগ
একটু ব্যথা পেলে-
সেই থেকে হায় ভাবছি শুধু
মায়ের মনটা করছে ধুঁ ধুঁ
না জানি কি হলো!

ঈদটা যখন আসতো কাছে
ঘুরতি কেবল আমার কাছে
শত বায়না নিয়ে-
‘মাগো এবার ঈদের দিনে
নতুন পোষাক দিও কিনে
সেমাই ভাজা ঘি-য়ে।
ঝুরির সাথে গুড়ের পায়েশ
খেতেই যে তোর ছিলো খায়েশ
এগিয়ে থালা বলতি- ‘মা নাও
থাকে যদি আর একটু দাও
লাগছে বড়ো ভালো।’
সেই থেকে হায় ঈদটাএলে
কত কিছু রাখছি তুলে
কতো বছর হলো,
আয়রে খোকা আয় ফিরে আয়
ঈদের খুশি এলো।

পোষ্ট- ২৮/০৫/২০২৬
মিরপুর, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *