Blog

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

শুভদিন অনলাইন রিপোর্টার:

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করছে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে দেশীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।

আমিনুল হক আরও বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য তরুণ, কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান। এসময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷

উল্লেখ্য, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম ও রোজার রাইডার্স কু‌ষ্টিয়া প্রতিদ্ব‌ন্ধিতা ক‌রেন। খেলার প্রথমা‌র্ধে ব্যাটিংয়ে নামে টিম গ‌্যালাক্সী। নির্ধারিত ২০ ওভার‌ে তাদের সংগ্রহ ২৫৬ রান।জবাবে রোজার রাইডার্স কু‌ষ্টিয়া ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ২৪৪ রান। এতে ১২ রানের ব্যবধানে ম্যাচ বিজয়ী হয়েছেন টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম।