শাহবাগে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সাংবাদিকদের ওপর হামলা

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ‘আপত্তিকর’ ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জনৈক আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে বিতর্কিত ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানায় মামলা করতে যায়। অন্যদিকে, অভিযুক্ত পক্ষ বিষয়টি ‘ফেসবুক অপপ্রচার’ দাবি করে জিডি করতে থানায় গেলে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে থানার ভেতরেই সংঘর্ষ শুরু হয়, যা পরে বাইরে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী এই উত্তেজনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ জন সদস্যের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন সংবাদকর্মী এতে আহত হয়ে চিকিৎসাধীন। সাংবাদিক সমিতি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে তিন দফা দাবি পেশ করেছে।
এদিকে, ডাকসু ও শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, পুলিশের উপস্থিতিতেই নির্বাচিত প্রতিনিধিদের ওপর এই বর্বরোচিত হামলা হয়েছে, যা অতীতের ফ্যাসিবাদী আচরণের কথা মনে করিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম রাতে আহতদের দেখতে হাসপাতালে যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *