গণঅধিকার পরিষদের ফারুক হাসান বিদ্যুৎ বিভাগের পরিচালক হলেন

শুভদিন অনলাইন রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। উপসচিব পদমর্যাদার এ দায়িত্বে তিনি ইতোমধ্যে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক হাসান নিজেই। তিনি জানান, গত সপ্তাহের শুরুর দিকে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

ফারুক হাসান ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদে যোগ দেন। সে সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাঁকে উচ্চতর পরিষদের সদস্য এবং সিনিয়র সহসভাপতি পদমর্যাদায় দলীয় মুখপাত্র হিসেবে মনোনীত করেন।

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের জুনে দলটির অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তির জেরে দুটি পৃথক অংশ তৈরি হয়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

পরে ড. রেজা কিবরিয়া ‘আমজনতার দল’ নামে পৃথক রাজনৈতিক দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দলটির বিভক্ত অংশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে ফিরে আসেন ফারুক হাসান। এ সময় তাঁকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

রাজনীতির পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন ফারুক হাসান। ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ হাজার ৮৪৩ ভোট পান। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি।