মোঃ জালাল উদ্দিন খান কুষ্টিয়া) প্রতিনিধি:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক শান্তিশৃঙ্খলা তদারকি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহামুদুল হক মজুমদার, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
উপস্থিত অতিথিবৃন্দ মণ্ডপে মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, “মিরপুরে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই পারস্পরিক মেলবন্ধন বজায় থাকবে।”
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহামুদুল হক মজুমদার বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল আপনারা যেন অত্যন্ত আনন্দময়, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশের মধ্যে এই উৎসব উদযাপন করতে পারেন। আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকল সদস্য দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত আনন্দের বিষয় হলো, স্থানীয় জনগণ, পূজা উদযাপন কমিটি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় মিরপুর সার্কেলের আওতাধীন প্রতিটি মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। এজন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিসর্জন অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বিসর্জনকালে জিকে খাল ও নদীর তীরে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা এবং দেবী দুর্গার জয়ধ্বনি ও আরাধনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা আগামী বছরের জন্য দেবীকে বিদায় জানান এবং জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।