অবশেষে শাস্তিমূলক বদলি করা হলো সাভারের খাদ্য কর্মকর্তা সেই মোজাম্মেলকে

স্টাফ রিপোর্টারঃ


‎অবশেষে শাস্তিমূলক বদলি করা হলো সাভারের বিতর্কিত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মোজাম্মেল হককে।

‎খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে (নং-১৩.০১.০০০০.০০০.৩১.১৯.০০০৯.২৬.৭৬০, তারিখ ২৫ নভেম্বর ২০২৬) তাকে সাভার থেকে সরিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
‎
‎অভিযোগ রয়েছে, নিজের দুর্নীতি ঢাকতে ও অসাধু ডিলারকে বাঁচাতে তিনি চার সাংবাদিককে ফাঁসিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলায় সহায়তা করেছিলেন।
‎
‎স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, দুর্গাপূজার চাল জালিয়াতির খবর প্রকাশের পর মোজাম্মেল হক নিজেকে বাঁচাতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সত্য সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিককে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করা হয়। এ ঘটনায় সাভারের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি চাল-গম কালোবাজারে বিক্রির অভিযোগ থাকার পরও ডিলার জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তার অনিয়ম ঢাকতে খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে এলাকায় সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
‎
‎এর আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে প্রতি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, আশুলিয়ার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে সেই চাল উত্তোলন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে।
‎
‎বাইপাইলের বসুন্ধরা গুরুদয়াল দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং শিমুলিয়ার নৈহাটি সরকারবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাবুল অধিকারীসহ আরও কয়েকজন তাদের স্বাক্ষর জাল করার অভিযোগ করেছেন।
‎
‎ঘটনা জানাজানি হওয়ার পর মোজাম্মেল হক নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎শাস্তিমূলক বদলির খবরে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, সত্য সংবাদ প্রকাশ করায় মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। অবশেষে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। তবে শুধু বদলি নয়, চার সাংবাদিককে ফাঁসানো, ডিলার জাহাঙ্গীরের কালোবাজারি ঢাকতে সহায়তা ও স্বাক্ষর জালিয়াতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।