ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের মালিক হলেন গেইল

শুভদিন অনলাইন রিপোর্টার:

এবারের গ্রীষ্মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। টুর্নামেন্টে গ্লাসগো-ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।
ভারতের বিনোদন ব্যবসা প্রতিষ্ঠান মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে গেইলের। দলের নাম হবে গ্লাসগো মুগাফিয়ান্স। শুরুতে ধারণা করা হয়েছিল রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগ গ্রুপ গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির মালিক হবে, তবে তারা এখন ডাবলিনভিত্তিক দলে বিনিয়োগের দিকে ঝুঁকছে।
৪৬ বছর বয়সী গেইল ১৯৯৯ থেকে ২০২১ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩ টেস্ট, ৩০১ ওয়ানডে এবং ৭৯ টি-টোয়েন্টি খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তিনি অন্যতম পরিচিত মুখ।
গেইল বলেছেন, “গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিক হওয়া আমার জন্য এক নতুন অধ্যায়। ইউরোপ ক্রিকেটের শেষ সীমান্ত, আর ইটিপিএল স্থানীয় প্রতিভা উন্মোচন ও ভবিষ্যৎ নায়কদের গড়ে তোলার সুযোগ তৈরি করবে। আমি এই যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।”
ইটিপিএল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। দলগুলো থাকবে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনবার্গে।
ভারতের প্রাইভেট কোম্পানি রুলস স্পোর্ট টেকের সঙ্গে যৌথভাবে বলিউড অভিনেতা ও প্রযোজক অভিষেক বচ্চনও এই লিগের অংশীদার হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো ১০ বছরের জন্য ১১.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে।
টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *