৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’, খায় রাজকীয় খাবার


নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে রাখা গোলাপি রঙের একটি বিরল ‘এলভিনো’ জাতের মহিষ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।

প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে কিনে আনা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়ে গেছে, যা আগামী সপ্তাহে নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই মহিষটির মাথার চুলের বিশেষ স্টাইল ও চেহারা দেখে রসিকতা করে এই নামকরণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বিরল প্রজাতির মহিষটির খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাতেও রয়েছে বেশ রাজকীয় ভাব। খামার সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের দৈনিক খাদ্যতালিকায় রয়েছে ১২ ধরনের উপাদানের মিশ্রণে তৈরি বিশেষ ঘাস, ভুট্টা এবং ভুসি। এর পাশাপাশি তাকে নিয়মিত বিভিন্ন পুষ্টিকর ও রাজকীয় খাবারও সরবরাহ করা হয়।

মহিষটির স্বভাব সম্পর্কে মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, এলবিনো জাতের মহিষগুলো সাধারণত অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই মহিষটিও চলাফেরায় বেশ ভদ্র এবং কেউ একে অযথা উত্ত্যক্ত বা বিরক্ত না করলে এটি কখনোই আক্রমণাত্মক আচরণ করে না। সম্পূর্ণ ভিন্নধর্মী গায়ের রঙ এবং স্বভাবের কারণে এটি শুরু থেকেই খামারের সবার প্রিয় হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ট্রাম্পের জনপ্রিয়তার কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দা রাসেল জানান, ফেসবুকে এই মহিষটির ছবি ও ভিডিও দেখে তিনি সরাসরি খামারে এটি দেখতে এসেছেন। সামনাসামনি দেখার পর তার মনে হয়েছে, মহিষটির মুখের অবয়ব এবং মাথার চুলের স্টাইল আসলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়বের সাথে অদ্ভুতভাবে মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *