গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
১৯ মে (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে এই মেলার উদ্বোধন করার সাথে মিল রেখে গাজীপুরেও আঞ্চলিকভাবে এর শুভ উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত এই মেলা উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে ভূমি অধিগ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যক্তির হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিব হাসান, গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, টংঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মেলায় জেলার ভূমিসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, টঙ্গী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জেলা রেজিস্ট্রার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ শাখা ও ভূমি অধিগ্রহণ শাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, সরকারের ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। সাধারণ মানুষ যাতে সহজে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই ভূমিসেবা পেতে পারেন, সে জন্য বর্তমান সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধান অতিথি ” ই-নামজারি ও অনলাইন সেবাসহ সরকারের গৃহীত বিভিন্ন আধুনিক পদক্ষেপের মাধ্যমে মানুষ দ্রুত ভূমিসেবা লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *