আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যদের ওপর হামলা ও ভিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন অভিযোগ করেন, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালের একটি অংশ জামায়াতের কিছু নেতাকর্মী দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউদ্দিন বলেন, “দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল জামায়াত নেতাদের না দেওয়ায় তারা আমার ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “যদি তাদের তালিকাভুক্ত কোনো দুস্থ ব্যক্তি থাকত, তাহলে নাম দিলে যাচাই-বাছাই করে চাল দেওয়া হতো। কিন্তু কোনো তালিকা ছাড়াই জোরপূর্বক চাল নেওয়ার চেষ্টা করা হয়।”
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু ব্যক্তি জোরপূর্বক চাল নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য এড়িয়ে যান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
এ বিষয়ে বক্তব্য জানতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে জামায়াতের স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।