মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার, পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোঃ কামাল হাসান শাকিল পরিষদের নেতৃত্বে নীল প্যানেল ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মোঃ আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন।সদস্য পদে অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মোঃ আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, রোজিনা আক্তার।
অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মোঃ শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সবগুলো পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল।
ফলাফল ঘোষণার পর আদালত পাড়াজুড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকরা তাদের বিজয় উদযাপন করেন। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, পেশাগত ঐক্য এবং আইনজীবী রাজনীতির নতুন সমীকরণ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।