রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

‘চুপ থাকব না, বিচার চাই’, ‘আর একটা রামিসা নয়’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত চাই’-এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোড এলাকা। রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার এবং সারাদেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগ।
শনিবার (২৩ মে) সকাল ১০ টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ১৭ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা নির্মম ধর্ষণ ও হত্যার শিকার হয়, যা মানবতার জন্য কলঙ্ক। বক্তারা বলেন, শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, সহকারী সেক্রেটারী গাজীপুর মহানগর, মুহতারিমা মারুফা শহীদ, গাজীপুর মহানগর সহকারি সেক্রেটারী নাজমুন নাহার লাভলী, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদিকা নাসরিন তাসনিয়া, মহানগর কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান গুলশান, মহানগর কর্মপরিষদ সদস্য খাতেমুন আরা মুক্তা এবং টঙ্গী পশ্চিম থানা দায়িত্বশীলা ও মহানগরী শুরার সদস্য ফাহমিদা খাতুন লাকি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আকবর।
বক্তারা অবিলম্বে রামিসা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাত কার্যদিবসের মধ্যে রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু সুরক্ষা টহল, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানান।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *