ইরানের পাশে দাঁড়ালো চীন

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যখন দিন দিন আরও জটিল হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন।
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই সহায়তার কথা নিশ্চিত করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ প্রদান করবে চীনের রেড ক্রস সোসাইটি। মূলত স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা এবং ‘ক্ষতিপূরণ’ হিসেবে এই অনুদান দেওয়া হচ্ছে।
মুখপাত্র জিয়াকুন বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
বেইজিং মনে করে, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে যাতে সংঘাত আর ছড়িয়ে না পড়ে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আগ্রাসনে এ পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *