শুভদিন অনলাইন রিপোর্টার:
আহসান হাবীব শিপলু বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ট্রেন ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে এ দূর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের ছাঁদে থাকা যাত্রীসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী ছিল। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের হাত-পা ভেঙে যায় কারও কারও মাথা ফেটে যায়। দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দুর্ঘটনার আগে রেললাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) উড়ানো ছিল। তবে ট্রেনের চালক সেটি খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দূর্ঘটনায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহসিন বলেন, ট্রেন দূর্ঘটনায় এ পর্যন্ত আমাদের কাছে ৫০ জনের অধিক রুগী এসেছে। তাদের মধ্যে ১৮ থেকে ২০ জন রুগী হাত-পা ভাঙ্গা, মাথা ফাটা নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজন ভর্তি হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিতে বাসায় চলে গেছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ দূর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে। এ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার কাজ চলছে।