আহসান হাবীব শিপলু বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। ২৯মার্চ (রবিবার) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে পটলের জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে গিয়ে বর্গাচাষি জাইদুল ইসলাম (৪২) মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়ে দেখেন, সেখানে একটি ভাঙা কাঠের বাক্স রয়েছে। বাক্সটি খুলতেই ভেতরে বুলেট দেখতে পান। ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে অবহিত করলে
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।
বর্গাচাষী জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরেছে। উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।