বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ জিয়াউর রহমান -সমাজকল্যাণ মন্ত্রী

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিট্যান্স ও মুক্তিযোদ্ধা কল্যাণসহ বিভিন্ন খাতের উন্নয়নের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।

মন্ত্রী আজ দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের সঙ্গে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের উন্নয়নের বিভিন্ন মাইলফলকের পেছনে তার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে।

গার্মেন্টস শিল্পের বিকাশেও জিয়াউর রহমানের অবদান উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন।

জিয়া হার্ট ফাউন্ডেশন প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। এটি জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। ফাউন্ডেশনের উন্নয়নের জন্য সরকার ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্টদের উদ্যোগ নিয়ে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। জিয়া হার্ট ফাউন্ডেশন ও হাসপাতালকে এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার জনকল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এছাড়া বক্তব্য দেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন বলেন, ‘মতভেদ ও বিভেদ ভুলে জেলার চিকিৎসাসেবা ও সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই জনগণ প্রকৃত সেবা পাবে।’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, ‘জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য সরকারি বরাদ্দে ৪৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।’

ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি চালুর বিষয়ে পরিচালনা পর্ষদকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ধূমপান পরিহার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *