টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে:- সমাজকল্যাণমন্ত্রী

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের সেন্টারে উন্নীত করা হবে এবং এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগের তুলনায় শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার এটিকে জাতীয় সেন্টারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। পরিদর্শনের সময় তিনি নতুন ভবনের নির্মাণকাজের মান পর্যালোচনা করেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি জানান, কেন্দ্রের খাবারের মান নিয়ে শিশুদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের শুধু আবদ্ধ করে রাখাই সরকারের উদ্দেশ্য নয়; বরং তাদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। যাতে তারা সমাজে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং নিজেদের পরিবার পরিচালনায় সক্ষম হয়।

তিনি আরও বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর যাতে তারা আর অপরাধ বা বিপথগামিতার সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য চিকিৎসাসেবা ও মনোসামাজিক সহায়তা জোরদার করা হবে।

ভবঘুরেদের পুনর্বাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের জন্য সরকারের পৃথক আশ্রয়কেন্দ্র রয়েছে। আদালতের মাধ্যমে সেখানে পাঠানো হলেও অনেকে পুনরায় আগের জীবনে ফিরে যান। তাই শুধু আইন প্রয়োগ নয়, মাদকাসক্তি, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক ইমরান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *