শুভদিন অনলাইন রিপোর্টার:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ‘Economic Acceleration and Resilience for NEET (EARN) (১ম সংশোধিত)’ প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, EARN প্রকল্পের মূল লক্ষ্য হলো যুব সম্পৃক্ততা বা ইয়ুথ এনগেজমেন্ট। যুব ও যুব নারীদের কর্মসংস্থানই সরকারের প্রধান অগ্রাধিকার এবং যুবসমাজের দোরগোড়ায় এই সুবিধাগুলো পৌঁছে দিতে পারলেই প্রকল্পের প্রকৃত সার্থকতা আসবে।
প্রকল্পের গুণগত মান বজায় রাখতে যথাযথ মনিটরিং নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ সম্পন্নকারীদের দেশীয় সার্টিফিকেটের পাশাপাশি কোনো বিদেশি সার্টিফিকেট প্রদান করা যায় কিনা, তা খতিয়ে দেখতে হবে। একই সাথে তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মূল প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি সেশনে অন্তত ৫ মিনিটের জন্য নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের যুব ও যুব নারীদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে (যার মধ্যে ৬০ শতাংশই যুব নারী) প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে এই EARN প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তি অনুযায়ী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান—ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন এই প্রকল্পের সার্ভিস প্রোভাইডার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন, EARN প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কনসালটেন্টবৃন্দ।