গাজীপুরে গৌরবের জুলাই-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর:

‘গৌরবের জুলাই-২০২৪’ স্মরণে গাজীপুরে দিনব্যাপী আলোচনা সভা, জুলাই আন্দোলনে আহত, নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।
এমপি রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী তমার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে আহত, নিহত ও গুমের শিকার পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জান ননী, ড. অ্যাড. শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, অ্যাড. মেহেদী হাসান এলিস, সরকার জাবেদ আহাম্মেদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এ এইচ এম দেলোয়ার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন, সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে জুলাই আন্দোলনের বিভিন্ন মিছিল-সমাবেশের ধারণকৃত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা সেই সময়ের স্মৃতিচারণ করেন। পাশাপাশি আহত, নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, পুতুলনাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠিতে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানবাধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *