গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের হাড়িনাল উত্তরপাড়া নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় মো: খায়রুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
গত ২৮ জুলাই দুপুরে হাড়িনাল উত্তরপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো: আজিজুল হাকিম (৪০) বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, হাড়িনাল উত্তরপাড়া সাকিনের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীদের সাথে খায়রুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বেলা আনুমানিক ২:৩০ ঘটিকার সময় খায়রুল ইসলাম হাড়িনাল উত্তরপাড়া মসজিদ সংলগ্ন নিজেদের জমিতে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মো: রাসেল (৩৫), মো: মঞ্জু (৫০), হেদায়েত উল্লাহ (৬৫), মো: নজরুল ইসলাম (৫০), আল মনসুর (৫২), মো: আনোয়ার হোসেন (৫৫), মো: রায়হান (৩০) ও মো: মাসুদ রানা (৪৫)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সশস্ত্র অবস্থায় বেআইনিভাবে জমিতে প্রবেশ করে খায়রুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী হেদায়েত উল্লাহর নির্দেশে রাসেল নামে এক ব্যক্তি ধারালো চাপাতি দিয়ে খায়রুল ইসলামের মাথায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে অন্যান্য বিবাদীরা তাকে লাঠি, লোহার রড ও দা দিয়ে মুখ, গাল, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলায় ব্যবসায়ীর দাঁত ভেঙে যায় এবং গালের অংশ কেটে যায়। একপর্যায়ে হামলাকারীরা তার পকেট থেকে ৫০,০০০ টাকা এবং একটি দামি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর আহত খায়রুল ইসলামের পরিবারকে বিবাদীরা হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। আহত খায়রুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং পরিবারের লোকজনের সাথে আলোচনা করার কারণে লিখিত অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী আজিজুল হাকিম।
এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *