গাজীপুরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগীরা

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানান তারা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জজ কোর্টের সামনের সড়কে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হেলমেট দিয়ে অ্যাডভোকেট রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করে বলে অভিযোগ করা হয়। এতে তিনি ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ আহত হন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, ঘটনার পর আইনজীবী ও স্থানীয় লোকজন কয়েকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে চিকিৎসা শেষে অ্যাডভোকেট রুহুল আমিন বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ১০২১/২০২৬ নম্বরে রুজু হয় এবং আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা আদালতের জারি করা পরোয়ানা দ্রুত কার্যকর করে অভিযুক্তদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী, বাদী এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।তারা বলেন, মামলা করাতে আসামিরা ক্ষিপ্ত হয়ে জীবননাশের হুমকি দিচ্ছে।

আইনজীবীরা জানান , হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আইনজীবী বা কোনো নাগরিকের ওপর এ ধরনের হামলার সাহস না পায়। বিচার বিভাগের প্রতি আস্থা রেখে তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন (এজিপি), গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম, অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল, অ্যাডভোকেট আলমগীর হোসেন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *