শুভদিন অনলাইন রিপোর্টার:
দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক ২ নম্বর যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ইশরাক। এর আগে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৯-১০ শিক্ষাবর্ষে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর ছাত্ররাজনীতিতে সক্রিয় হন ইশরাক। তাঁর দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তিনি তিনবার কারাবরণ করেছেন এবং মোট প্রায় নয় মাস কারাগারে ছিলেন।
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে বোরহান উদ্দিন ইশরাকের দেওয়া তথ্য অনুযায়ী, আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তাঁকে বিভিন্ন সময়ে হামলা, নির্যাতন ও গুলিবিদ্ধ হওয়ার শিকার হতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে চারবার গুলিবিদ্ধ এবং তিনবার কারাবরণ করেছেন তিনি।
ইশরাকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে, ২৯ জুলাই ২০২৩ মহাসমাবেশে হামলার প্রতিবাদে মাতুয়াইলের অবস্থান কর্মসূচিতে এবং ২৮ অক্টোবর ২০২৩ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি গুলিবিদ্ধ হন। সর্বশেষ ১৯ জুলাই ২০২৪ ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাকরাইল মোড়ে গুলিবিদ্ধ হন বলে তাঁর দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ে পুলিশ ও ছাত্রলীগের হামলা-নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন ইশরাক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি ২০২১ জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদী কর্মসূচি, ৭ ডিসেম্বর ২০২২ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ২০ অক্টোবর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্যাতনের শিকার হন তিনি।
কারাবরণের অভিজ্ঞতা তুলে ধরে ইশরাকের দেওয়া জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০১৭ খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কর্মসূচিতে অংশ নিয়ে হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন তিনি। পরে রিমান্ড ও কারাভোগের পর জামিনে মুক্ত হলেও পুনরায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। জীবনবৃত্তান্ত অনুযায়ী, পরবর্তীতে ৫ মার্চ ২০১৮ জামিনে মুক্ত হন তিনি।
দীর্ঘদিনের মাঠের রাজনীতি, ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, মামলা-কারাবরণ এবং আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতার কারণে এবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশা করছেন বোরহান উদ্দিন ইশরাক।