পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে আজ গাজীপুরে অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কারখানাগুলো হলো-নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর (বিদ্যুৎ বিচ্ছিন্ন); পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); গাজী থ্রেড এন্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী (বিদ্যুৎ বিচ্ছিন্ন); মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী; সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী; ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী; লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী। এসব কারখানা ইটিপি ছাড়াই চলছিল। কেউ কেউ ইটিপি থাকলেও তা চালু রাখেনি। ফলে তারা নদী ও খাল দূষণ করছিল।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় অভিযানে সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। এছাড়াও ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাস কোম্পানি অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *