শুভদিন রিপোর্টার:
মিলন সিদ্দিকী ঢাকার ধামরাইয়ে দাম্পত্য কলহ ও তালাককে কেন্দ্র করে সাংবাদিক মিলন সিদ্দিকীর বিরুদ্ধে যৌতুকসংক্রান্ত মামলা দায়েরের ঘটনায় পাল্টা হয়রানি ও হুমকির অভিযোগ উঠেছে। মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের এবং আত্মীয়স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মিলন সিদ্দিকী।
মিলন সিদ্দিকীর অভিযোগ, বিয়ের আগে সংশ্লিষ্ট নারী নিজের পরিচয় ও চাকরির বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছিলেন। কিন্তু প্রায় দুই বছরের দাম্পত্য জীবনে তাঁর কথিত চাকরি বা কর্মস্থলের বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ তিনি পাননি। এ ছাড়া সংসার চলাকালে বিভিন্ন সময়ে তাঁকে মামলা দেওয়ার ভয় দেখানো হতো বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি তালাকের সিদ্ধান্ত নেন। এর পরপরই তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় যৌতুকসংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে বলে মামলার নথিতে দেখা যায়। তবে মামলায় আনা অভিযোগগুলো অস্বীকার করে মিলন সিদ্দিকী দাবি করেন, তাঁকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।
এদিকে তাঁর আরও অভিযোগ, আতিয়ার রহমান নামের এক ব্যক্তি মামলাকে কেন্দ্র করে তাঁর আত্মীয়স্বজনের কাছে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। মিলন সিদ্দিকীর দাবি, ওই ব্যক্তি বিভিন্নজনের কাছে বলেছেন, ‘আমি মিলন সিদ্দিকীকে জেল খাটাবো। তাঁর বিরুদ্ধে মানহানি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করব।’
এ ধরনের বক্তব্যে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানান মিলন সিদ্দিকী। তাঁর অভিযোগ, মামলা দায়েরের পাশাপাশি নতুন নতুন মামলার ভয় দেখিয়ে তাঁকে মানসিক, সামাজিক ও পেশাগতভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিক মিলন সিদ্দিকী বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে প্রমাণ করা হোক। কিন্তু মামলা দেওয়ার ভয় দেখিয়ে আমাকে কিংবা আমার আত্মীয়স্বজনকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। আমি চাই, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত সত্য আদালতের মাধ্যমে প্রকাশিত হোক।”
তিনি আরও জানান, নিজের পক্ষে থাকা প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন এবং আইনগতভাবেই মামলাটি মোকাবিলা করবেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আতিয়ার রহমান ও সংশ্লিষ্ট নারীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।