নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শুভদিন অনলাইন রিপোর্টার:

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড, নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারী অধিকারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করছেন, যা বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতিরই প্রতিফলন। তিনি আরও জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বৃদ্ধি করা হচ্ছে এবং তাঁদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে বিভিন্ন ভবনে র‍্যাম্প স্থাপনসহ ওয়াশরুমগুলো তাঁদের ব্যবহার উপযোগী করে নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করলে মন্ত্রী বলেন, এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার অংশ হিসেবে বর্তমানে দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ড ইস্যু করা হবে এবং এর মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা কেবল পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার কাজেই নয়, বরং বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ পরিচালনা ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর আয়োজনে ঢাকার ফরাসি দূতাবাসে লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘Feminist Foreign Policy plus ( FFP+) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।