মিরপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউএনও’র তত্ত্বাবধানে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

মোঃ জালাল উদ্দিন খান কুষ্টিয়া জেল প্রতিনিধি:

সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু’র সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় মিরপুর উপজেলাজুড়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে এদিন মিরপুর পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার কুর্শা, আমবাড়ীয়া, পোড়াদহ, সদরপুর এবং চিথলিয়া জামে মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।