অনলাইন ডেস্ক:

জীবাশ্ম জ্বালানিনির্ভর জ্বালানিব্যবস্থা থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে, আমাদের গ্রিন প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে।
আজ (সোমবার) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের আইএলও জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নে ‘জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ: দ্য ন্যাশনাল প্ল্যান অ্যান্ড হোয়াট ইট নিডস ফ্রম কপ৩১’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের প্রক্রিয়াকে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক করতে শ্রমিকের জীবিকা, মানুষের প্রয়োজন এবং পরিবেশের সুরক্ষাকে একসঙ্গে গুরুত্ব দিতে হবে। ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে সরকারের চারটি মন্ত্রণালয় সমন্বিতভাবে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
পরিবেশ সুরক্ষায় সরকারের নীতিগত পরিবর্তনের কথা তুলে ধরে তিনি জানান, কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে এমন সব ইটভাটা বন্ধ করা হবে। এর পরিবর্তে নির্মাণকাজে কংক্রিট ব্লকের ব্যবহার উৎসাহিত করছে সরকার। সরকার, শ্রমিক, বেসরকারি খাত ও তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশের ন্যায্য রূপান্তরের জাতীয় পরিকল্পনা এবং তা বাস্তবায়নে কপ৩১ থেকে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী। জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমুর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন—এনসিসিডব্লিউইর চেয়ারপারসন এবং ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের প্রতিনিধি মেসবাহউদ্দিন আহমেদ; সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আহমেদ জাফরুল হাসান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী।