শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিআইএম কনভোকেশন ২০২৬।
অনুষ্ঠেয় কনভোকেশন ২০২৬ সফল করতে গতকাল ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় বিআইএম এর ট্রেনিং কমপ্লেক্স ভবনে শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও অ্যালামনাইদের সম্পৃক্ত করার লক্ষ্যে এক নেটওয়ার্কিং ইভিনিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। সভাপতিত্ব করেন বিআইএমের মহাপরিচালক মো. সলিম উল্লাহ। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বহুজাতিক কোম্পানি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, বিআইএমের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আবার অনেকে সরাসরি শিক্ষার্থী না হয়েও প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসা থেকে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিআইএমের প্রতি এই ভালোবাসা ও সম্পৃক্ততাই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শক্তি। তিনি কনভোকেশনকে সামনে রেখে সাইকেল র্যালি ও মিনি ম্যারাথনের মতো ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিআইএমের কার্যক্রম ও কনভোকেশনের প্রচার বাড়ানোর প্রস্তাব দেন। একই সঙ্গে কনভোকেশন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিআইএমের মহাপরিচালক কনভোকেশনের প্রেক্ষাপট ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কনভোকেশনের সার্বিক ব্যবস্থাপনা ও প্রচার-প্রচারণার পরিকল্পনা উপস্থাপন করে।
মুক্ত আলোচনায় আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি কনভোকেশনে পরিবেশবান্ধব গ্রিন এনার্জির বার্তা তুলে ধরার প্রস্তাব দেন। টিকে গ্রুপের প্রতিনিধি অতিথি অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং মার্লিন ট্রাভেলসের প্রতিনিধি পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে প্রচারণা জোরদারের পরামর্শ দেন। অন্যান্য প্রতিনিধিরাও আয়োজন সফল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিআইএম ১৯৬১ সাল থেকে দেশের ব্যবস্থাপনা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও কনসালটেন্সি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আগামী ১৮ ডিসেম্বরের কনভোকেশনে প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট ও অতিথির অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।