শুভদিন অনলাইন রিপোর্টার:
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করার উদ্দেশ্যে FWCMS-ভুক্ত মেডিকেল সেন্টারসমূহের জন্য ১১ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এ তথ্য জানান।
নির্দেশনাসমূহ নিম্নরূপ:
১। ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫% বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।
২। প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে প্রেরণ করতে হবে।
৩। প্রতিটি মেডিকেল সেন্টার কর্তৃক সম্পাদিত সকল মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
৪। মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮,০০০ (আট হাজার) টাকা হবে। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নিকট থেকে আদায় করা যাবে না।
৫। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৬। বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সকল খরচ মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।
৭। প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সকল আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। মেডিকেল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে ও পর্যাপ্ত সংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে।
৮। মাইগ্রাম নামে কোন অর্থ আদায় করা যাবে না।
৯। কোন মেডিকেল সেন্টার কর্তৃক বর্ণিত শর্ত লংঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে বিষয়গুলো মনিটরিং করা হবে।
১১। প্রত্যেক মেডিকেল সেন্টার তার প্রবেশপথের সম্মুখে দৃশ্যমানভাবে বড় আকারে বিলবোর্ড স্থাপন করবে।