রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

শুভদিন অনলাইন রিপোর্টার:

সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত। কারণ হরমুজ প্রণালির আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল দিল্লি। যা এখন কার্যত ব্যহত হবে।
সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান, যেমন রিলায়েন্স, রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকওইলের কাছ থেকে তেল কিনেছিল।
বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করবো না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করবো না।
এর আগে, গত ১১ মার্চ মার্কিন রাজস্ব দফতর জানিয়েছিল, ভারতের তেলশোধক সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কয়েক দিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত ১১ এপ্রিল পর্যন্ত। ইরানের তেল কেনার মেয়াদ ছিল ১৯ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *