ফের বন্ধ হরমুজ: মার্কিন ‘জলদস্যুগিরির’ জবাবে কঠোর অবস্থানে ইরান

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ওপর আবারো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। যেখানে এখন থেকে বাণিজ্যিক জাহাজ ও অয়েল ট্যাংকার চলাচলে আগের মতো কড়া বিধিনিষেধ কার্যকর থাকবে।
ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, দেশটির খাতাম আল-আম্বিয়া সদরদফতর এই ঘোষণা দিয়ে স্পষ্ট করেছে যে পূর্বের সমঝোতা অনুযায়ী দেয়া বিশেষ ছাড়ের বদলে এখন থেকে পুরো অঞ্চলটি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকির আওতায় ফিরে এসেছে। ইরানের এই পদক্ষেপের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ইরানের পণ্যবাহী জাহাজের বিরুদ্ধে চালানো ‘জলদস্যুগিরি ও অবরোধের’ কথা উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান এর আগে সদিচ্ছার পরিচয় দিয়ে এবং আলোচনার ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসন সেই সুযোগের অপব্যবহার করে ইরানের নিজস্ব জাহাজ চলাচলে বাধা প্রদান করছে এবং সমুদ্রপথে অনেকটা দস্যুগিরি মতোই আচরণ করছে।
খাতাম আল-আম্বিয়া সদরদফতরের মুখপাত্র জানিয়েছেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের পণ্যবাহী জাহাজগুলোর গন্তব্যে পৌঁছানো এবং সেখান থেকে ফিরে আসার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততদিন হরমুজ প্রণালীতে এই কঠোর ব্যবস্থা বহাল থাকবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে ইরানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির জন্য বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের কর্মকর্তারা বলছেন, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করবেন না এবং কৌশলগত এই পানিপথের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের জ্বালানি খাতের ওপর অব্যাহত চাপ এবং অবরোধের পাল্টা জবাব হিসেবেই তেহরান তাদের নৌ-সীমানায় এই কড়াকড়ি আরোপ করল। এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিটি নৌযানের গতিবিধির ওপর ইরানের নিরাপত্তা বাহিনীর সরাসরি নজরদারি বজায় থাকছে।
ইহুদিবাদী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে নিজেদের অবস্থান শক্ত করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *