শুভদিন অনলাইন রিপোর্টার:
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণ থেকে এর ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকেই ইসরায়েলি বাহিনী শেখ আল-আব্বাসিকে আটক করে নিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারের কারণ কিংবা তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদে ইসরায়েলি তৎপরতা বেড়েছে। ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ কঠোর করা হয়েছে, মুসল্লিদের প্রবেশে আরোপ করা হয়েছে কড়াকড়ি। পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শনও বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমের পুরাতন শহর ও আল-আকসা প্রাঙ্গণের আশপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার এবং নির্বাসনের আদেশ জারির খবরও পাওয়া যাচ্ছে।
এদিকে শেখ আল-আব্বাসির আটকের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তথ্যসূত্র : মিডল ইস্ট মনিটর