টঙ্গী ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ

গাজীপুরের টঙ্গীতে ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও বেশি কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।

এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং বিএআরআই পোমোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ এমদাদুল হক।
অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি গাজীপুরের সহকারী ব্যবস্থাপক (পরিচালনা) মোঃ ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া গ্রামের কৃষাণী শ্যামলী আক্তার স্বর্ণা বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছি, যা আমাদের মতো নারীদের কৃষিকাজে ভালো ফলনে সহায়ক হবে।”

নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের তরৎপাড়া এলাকার কৃষক মোঃ শাহজাহান মিয়া বলেন, “সঠিক জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। এ প্রশিক্ষণ আমাদের নতুন ধারণা দিয়েছে, যা ভবিষ্যতে কাজে লাগবে।”

নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের যোগীতলা এলাকার কৃষক আবেদ আলী বলেন, “ব্র্যাক নার্সারির এ উদ্যোগ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ আমাদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করবে।”

আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক হনার্সারির মূল লক্ষ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *