শুভদিন অনলাইন রিপোর্টার:
মধ্যপ্রাচ্যের চলমান রণক্ষেত্রে কি অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? দীর্ঘদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের (মেমো) দিকে এগোচ্ছে বলে খবর পাওয়া গেছে।
শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি উচ্চপদস্থ পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার (৬ মে) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
সূত্রমতে, দুদেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি প্রাথমিক সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আলোচনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দ্রুতই এক পৃষ্ঠার একটি আনুষ্ঠানিক মেমো স্বাক্ষরিত হতে পারে। কেবল রয়টার্সই নয়, মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ তাদের প্রতিবেদনে একই ধরণের ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, সমঝোতা প্রক্রিয়াটি এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো চূড়ান্ত দলিলে সই হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর থেকে এটিই দুপক্ষের মধ্যে সবচাইতে ফলপ্রসূ এবং অগ্রসর আলোচনা।
এই ১৪ দফার মেমোটিকে মূলত যুদ্ধের অবসান ঘটানোর একটি প্রাথমিক কাঠামো বা ‘ফ্রেমওয়ার্ক’ হিসেবে দেখা হচ্ছে। এর ওপর ভিত্তি করেই পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমাধান ও বিস্তারিত শর্তাবলী নিয়ে আলোচনা চলবে।
যদি এই সমঝোতা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনই করবে না, বরং বিশ্বজুড়ে অস্থির হয়ে ওঠা জ্বালানি বাজারেও বড় ধরণের স্বস্তি ফিরিয়ে আনবে। তবে শান্তিচুক্তির এই টেবিল থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসে কিনা, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।