হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ

শুভদিন অনলাইন রিপোর্টার:

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই সাহসী সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আজ বুধবার পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন এই খবর জানিয়েছে।
সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছিল। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা প্রশমনে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যস্থতায় এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে এই অভিযান স্থগিত করার ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, “হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী ঘোষণায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি উল্লেখ করেন যে পাকিস্তান ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইতিবাচক সাড়া দিয়েছেন। বিশেষ করে সৌদি আরব এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত বর্তমান সংবেদনশীল সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমঝোতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান সবসময়ই সংযম প্রদর্শন এবং কূটনীতি ও সংলাপের মাধ্যমে সঙ্ঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান এ ইতিবাচক ধারাটি শেষ পর্যন্ত একটি স্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে, যা এই অঞ্চল ও অঞ্চলের বাইরে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *