এবার খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে: অমিত শাহ

শুভদিন অনলাইন রিপোর্টার:

শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়; পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে। শুক্রবার (৯ মে) পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে কনভেনশন সেন্টার হলে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক হয়। সেখানে উপস্থিত থেকে অমিত শাহ এ কথা বলেন। বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ।
অমিত শাহ বলেছেন, বিজেপি এবার এই বাংলায় হিংসামুক্ত নির্বাচন দেখিয়ে প্রমাণ করেছে, বিজেপি হিংসা চায় না; শান্তি চায়। সন্ত্রাস চায় না; উন্নয়ন চায়। ভয় নয়; ভয়মুক্ত বাংলা গড়তে চায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যের উন্নয়নের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, শুভেন্দু অধিকারী তা সব অক্ষরে অক্ষরে পালন করবেন। এই রাজ্যকে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে বিচ্যুত হবেন না। বরং এই বাংলায় গড়া ‘ডাবল ইঞ্জিন’ সরকার এই রাজ্যের তৃণমূল সরকারের সব দুঃশাসনকে বিদায় দিয়ে এক নতুন বাংলা গড়ার জন্য ব্রতী হবে। সব দুর্নীতির মূল উৎপাটন করবে।
বিজেপির এই নেতা আরও বলেন, নারীদের মাসে তিন হাজার রুপি করে দেওয়া হবে। বেকার ভাতা দেওয়াসহ বিনা মূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত চিকিৎসা প্রকল্প চালু করা হবে।
মানুষের সুরক্ষা দেওয়া এবং ভয়মুক্ত সমাজ গড়া বিজেপির অঙ্গীকার উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘এবার আমাদের সীমান্ত সুরক্ষিত হবে। অনুপ্রবেশকারীদের আর সীমানা পেরিয়ে ঢোকা সম্ভব হবে না। বিনয়ের সঙ্গে পরিশ্রম বিজেপির সাফল্যের দরজা খুলে দিয়েছে। এই বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার উন্নয়ন, নারীকল্যাণ, নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং দলমুক্ত প্রশাসন গড়ার জন্য ব্রতী হবেন।’
আর জি কর–কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে কমিশন হবে বলে ঘোষণা দেন অমিত শাহ। তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন। এরপর পশ্চিমবঙ্গ থেকে হিংসার খবর আসবে না। প্রশাসনের রাজনৈতিকীকরণ হবে না। পশ্চিমবঙ্গের উন্নয়নকেও কেউ আটকাতে পারবে না।
নবনির্বাচিত দলীয় বিধায়কেরা মুখ্যমন্ত্রী পদে তাঁকে বেছে নেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি সকলের আশীর্বাদে এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ায় রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই, এই নির্বাচনকে ঘিরে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন থেকে সব কাজ হবে “আমি নয়, আমরা” এই আদর্শ মেনে। আমি আপনাদের সব স্বপ্নপূরণে এগিয়ে যাব।’
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এই বাংলার জন্য যে প্যাকেজ দিয়ে গেছেন, সেই সব প্যাকেজ বাস্তবায়নের জন্য আমার সেবা অব্যাহত থাকবে। এই বাংলার উন্নয়নই আমার কাজের অগ্রাধিকার থাকবে। ধ্যান হবে এই বাংলাকে নিয়ে। আর জি কর ও সন্দেশখালী কাণ্ড নিয়ে কমিশন হবে। অভিযুক্তদের বিচার হবে। যারা সরকারি অর্থ নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিচার পাবেন এই রাজ্যের ভুক্তভোগীরা। তাই এই নতুন সরকারে ভয় নয়, ভরসা নিয়ে সামনের দিকে এগোতে হবে—এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *