মায়ংয়ের হ্যাটট্রিকে নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধ উত্তর কোরিয়ার দাপুটে জয়

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

মায়ং ইউ জংয়ের প্রথমার্ধের হ্যাটট্রিকে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ২০১০ সালের পর প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপে ফিরে ৩-০ গোলে উজবেকিস্তানকে পরাজিত করেছে।
ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-বি’র ম্যাচে শুরু থেকেই পুরোপুরি আধিপত্য দেখায় কোরিয়ানরা। ১৪ মিনিটে ঘাড়ের চোটে উজবেকিস্তানের মূল গোলরক্ষক জোনিমকুলোভা মাঠ ছাড়লে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
তার আগে ষষ্ঠ মিনিটে গোলমুখের জটলা থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার মায়ং । এরপর ২৪ মিনিটে চে উন ইয়ংকে আদায় করা পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪১ মিনিটে আরেকটি স্পট কিক থেকে বাঁ দিকের কোণে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মায়ং।
প্রথমার্ধে উজবেকিস্তান একটি শটও নিতে পারেনি। আর দ্বিতীয়ার্ধেও চিত্র খুব একটা বদলায়নি। প্রায় পুরো সময়টাই উজবেক অর্ধে খেলা হয়েছে, যদিও দৃঢ় রক্ষণে তারা আরও গোল হজম করা থেকে রক্ষা পায়।
এশিয়ার অন্যতম সফল নারী দল উত্তর কোরিয়া ২০০১, ২০০৩ ও ২০০৮ সালের শিরোপার পুনরাবৃত্তি করতে চায়।
তবে ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা এবং ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তাদের অগ্রযাত্রা থেমে গিয়েছিল।
বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ নারী দলের সাফল্যের ধারাবাহিকতা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। তারা গত বছর মরক্কোতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা ধরে রাখে এবং ২০২৪ সালে কলম্বিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *