আহসান হাবীব শিপলু বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের (এতিম) সাথে জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওই নিবাসের ৬৭জন এতিম শিশুদের অংশ গ্রহণে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার শেষে শিশুদের মাঝে ইদ উপহার হিসেবে প্রয়োজনীয় কসমেটিকস সামগ্ৰী ও ইদ সেলামি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া সস্ত্রীক উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি,এ মোমিন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মো: হাফিজার রহমান প্রমুখ। এমন সম্মানিত অনুষ্ঠানের আয়োজন করা এবং ইদ উপহার প্রদান করায় নিবাসের শিশুরা জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় প্রধান অতিথি বলেন পবিত্র মাহে রমযানের মহিমান্বিত ও মানবিক আবহে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল ও শুভেচ্ছা উপহার বিতরণ করার মতো এক মহৎ কাজ সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছে। এতিমরা আমাদের সন্তানের মতো। তাই আমরা যদি সরকারের পাশাপাশি নিজেদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে এই এতিমদের পাশে দাঁড়ানোর চেস্টা করি তাহলে এই শিশুরা নিজেদের এতিম মনে করবে না। নিজেদের একজন ভালো মানুষ হিসেবে বিনির্মাণ করতে এই ধরণের উদ্যোগ এই নিবাসের শিশুদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। তাই এই শিশুদের সার্বিক বিকাশ ও কল্যাণে জেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর বলে তিনি জানান।