নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সাথে বৈঠক হবে

শুভদিন অনলাইন রিপোর্টার:

মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সাথে ধারাবাহিকভাবে বসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে বসিলা থানা স্থাপনের উদ্যেগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সতর্ক করে বলেন, যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তিনি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপনের আহ্বান জানান এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।
সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *