শুভদিন অনলাইন ডেস্ক:
মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের তথ্যমতে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি এই মন্ত্রণালয়। একইসাথে হাজীদের নিরাপত্তার স্বার্থে তাঁদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে।
সৌদি সরকারের এই গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরকে তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।