নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

শুভদিন অনলাইন রিপোর্টার:

পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব।
রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, রোববার থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পবিত্র মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত সব ধরনের অনুমতি, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সৌদি আরব।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন। এছাড়া ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ও হজসেবা আধুনিকায়নে এই ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই ওমরাহ মৌসুমে আরও বেশি সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অত্যন্ত সহজ, নিরাপদ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *