অপরাধ দমনে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

​দেশে গত এক মাসে নারী ও শিশুদের ওপর ধর্ষণ, যৌন হয়রানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জমি দখলের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই অমানবিক পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন’। এসব কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
​মঙ্গলবার দুপুরে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান সুদর্শন কুমার বাশফোর এই উদ্বেগের কথা তুলে ধরেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, গত এক মাসে দেশে নারী ও শিশুদের ওপর জঘন্য অপরাধের মাত্রা বেড়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা ও জমি দখলের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবাধিকারের চরম পরিপন্থী।”
​দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে দাবি করে তিনি আরও বলেন, “কে বা কারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রকে অস্থিতিশীল করার এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে এই অপরাধী চক্র ও পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ জরুরি। দেশের এই ক্রান্তিলগ্নে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মী ও দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
​সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা সঞ্জিব রায় তপন,আশিষ কুমার অন্জন, কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য জয়রাজ বাশফোর,গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সঞ্জয় বাশফোর ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে দেশের মানুষের অধিকার রক্ষায় প্রয়োজনে সংগঠনটি রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *