সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শুভদিন অনলাইন রিপোর্টার:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপির সাথে আজ দুপুরে মন্ত্রণালয়ের অফিস কক্ষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেন, ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে । দায়িত্ব নেয়ার পর থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম মন্ত্রণালয় দ্রুতগতিতে বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকার নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সমাজে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সামাজিক সুরক্ষার কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় জনগণের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন , মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে প্রথম ইস্যু দেশব্যাপী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি কার্ডে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের ভাতা প্রদান করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিশু যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, স্ট্যান্ডার্ড ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, ভাষাশিক্ষা ও প্রশিক্ষণ এবং কেয়ার গিভারদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে ।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার দু’দেশের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সাক্ষাৎ দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *