শুভদিন অনলাইন রিপোর্টার:
মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে তেহরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা দ্বিতীয় দিনের মতো ‘আত্মরক্ষামূলক হামলা’ সম্পন্ন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে এই হামলা চালানো হয়।
ইরানের ওপর ‘কঠোর’ আঘাত করা হবে এবং যুদ্ধ শেষ করার চুক্তিতে পৌঁছাতে তেহরান “খুব বেশি সময় নিচ্ছে”- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার পর সর্বশেষ মার্কিন হামলাটি চালানো হয়।
এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে; এর আগের দিনও ইরানের প্রতিশোধমূলক হামলায় এই দুটি ঘাঁটিই লক্ষ্যবস্তু ছিল।
সম্প্রতি পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এপ্রিলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতিটি পরীক্ষার মুখে পড়েছে।
সর্বশেষ মার্কিন হামলার পর, হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে মার্কিন বাহিনী আগের দফার হামলায় বিমান প্রতিরক্ষা, রাডার এবং অন্যান্য স্থাপনাতেও আঘাত হেনেছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই সর্বশেষ উত্তেজনার মুহূর্তে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে যাওয়া দুটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে খবরটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হরমুজ প্রণালিকে “সব ধরনের জাহাজের জন্য সম্পূর্ণভাবে বন্ধ” ঘোষণা করার খবর প্রচারের পর এই ঘটনাটি ঘটে। – বিবিসি