দোকান মালিক সমিতি ১১টা থেকে ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চায়

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:
দেশে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের সিদ্ধান্তের পর সময় পরিবর্তনের দাবি দোকান মালিক সমিতির। তারা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার অনুরোধ জানিয়েছে।

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে দেশে সব ধরনের দোকান, মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের সঙ্গে ব্যবসায়ীরা একমত রয়েছে। তবে সন্ধ্যার পর যেহেতু দোকানে বিক্রি অন্য সময়ের চেয়ে বেশি হয়, তাই সার্বিক ব্যবসার স্বার্থে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলা ও সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চায় তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কাছে দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তনের অনুরোধ দোকান ব্যবসায়ী মালিক সমিতির।

গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংক ও অফিসের সময় কমানোর সিদ্ধান্তের পাশাপাশি দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়। তবে খাবার দোকান ও ফার্মেসি খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *