গাজীপুরে সাড়ে পাঁচ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর প্রতিনিধিঃ

শিশুদের পুষ্টিহীনতা ও রাতকানা রোগ প্রতিরোধে আগামী রবিবার সারাদেশের মতো গাজীপুরেও অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ জানান, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেন, “গাজীপুর জেলায় মোট ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশু এ কর্মসূচির আওতায় রয়েছে। প্রতিটি শিশুর কাছে সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১ হাজার ৮৭টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। ক্যাম্পেইনে ৪৯৮ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতেও সহায়তা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তারা বলেন, “কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজির মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, ডা. সাবিকুন্নাহারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *