আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান কাল বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭,১৮নং অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ,কাবিং ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যা উপজেলা থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসেছে। দেশের স্কুল পর্যায়ে ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে বাছাই হওয়া শ্রেষ্ঠদের এই পুরস্কার পদক দিবে কাল।

এছাড়া, এই পদক অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাইয়ে ব্যক্তি পর্যায়ে ১৫ টি ক্যাটাগরীতে দেশের ১২ হাজার ৩৮৪ জন বিশেষ ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ২ টি ক্যাটাগরীতে ৬৫হাজার ৫৪৬ টি বিশেষ প্রতিষ্ঠানের মধ্যে বাছাইকৃত শ্রেষ্ঠদের এই সম্মাননা দেওয়া হবে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নানা উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম, গৃহীত পদক্ষেপ উপস্থাপন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’, ‘ফাউন্ডেশনাল লার্নিং (FLN)সহ নানা বিষয় তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *