‘আপনাকে মিস করছি তামিম ভাই, এই জয় আপনার জন্য’

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

হৃদরোগে আক্রান্ত হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ছিটকে গেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাকি অংশে তার আর খেলা হবে না। তার জায়গায় মোহামেডানের নেতৃত্বভার উঠেছে তাওহিদ হৃদয়ের কাঁধে।
তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত এক জয় পেয়েছে মোহামেডান। রোববার (৬ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক হৃদয়।
জয়ের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হৃদয় বলেছেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে টসের পর হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে হার্টে ব্লক ধরা পড়লে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতাল থেকে বাসায় ফিরে আপাতত তিনি বিশ্রামে। স্বাভাবিক জীবন শুরু করতে আরও মাস তিনেক সময় লাগতে পারে।
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তামিম ইকবালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *