দীর্ঘদিনের চলমান রাস্তা দখল করে বন্ধের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়ায় ২৫/৩০টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধের পায়তারা, চাঁদা দাবি, হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঠিকাদার মনসুর আহমেদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নাছির উদ্দিন বিপ্লব, খাইরুল ইসলাম ও আজিজুল হাকিমের নেতৃত্বে একটি চক্র এলাকার ২৫/৩০টি পরিবার ও মুসল্লিদের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা দখলের অপচেষ্টা চালাচ্ছে। রাস্তাটি ব্যবহারের বিনিময়ে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

​তিনি জানান, গত ২৮ জুলাই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক রাস্তায় প্রাচীর নির্মাণ শুরু করে। বাধা দিলে তারা অতর্কিত হামলা চালায়। হামলায় মনসুর আহমেদ, বৃদ্ধ হেদায়েত উল্লাহ ও রোকেয়া মফিজ গুরুতর আহত হন। হামলাকারীরা মসজিদ নির্মাণের ৭০ হাজার টাকাসহ নগদ ১ লাখ ৫ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

​এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, রাস্তাটি দখলমুক্ত এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *