ইরান পারমাণবিক কার্যক্রম শুরু করলে আবারও বোমা হামলা চালানো হবে : ট্রাম্প

Spread the love

শুভদিন অনলাইন রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন। কিন্তু তার কৃতজ্ঞতার অভাব দেখিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হয়, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে তিনি তেহরানের ‘যুদ্ধজয়’ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের কাজ বন্ধ করার ঘোষণা দেন।
এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত প্রায় ৬০ জন পারমাণবিক বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তার জন্য রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল।
ইরান বলেছে, নিহত বিজ্ঞানীদের সঙ্গে আরও অন্তত ৬২৭ জন বেসামরিক নাগরিকও এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘ইরান সামরিক মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য পাওয়া গেলে যুক্তরাষ্ট্র অবশ্যই আবার ‘বিনা প্রশ্নে’ বোমা হামলা চালাবে।’
যদিও ইরান সব সময়ই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে।
ট্রাম্প বলেন, খামেনেয়ী যুক্তরাষ্ট্রকে ‘চড়’ মারার কথা বলেছেন এবং পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ‘অতিরঞ্জিত’ বলেই দাবি করেছেন। এ প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, খামেনেয়ী তার প্রতি অকৃতজ্ঞ আচরণ করেছেন।
তিনি লেখেন, ‘আমি জানতাম তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন, এবং আমি ইসরইল কিংবা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর হাতে তার জীবন শেষ হতে দিইনি।’
‘আমি তাকে এক জঘন্য ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। এবং তিনি আমাকে ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প!’ বলতেই চাইলেন না।’
ট্রাম্প আরও জানান, তিনি সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছিলেন। কিন্তু এখন তা থেকে সরে এসেছেন।
তিনি বলেন, ‘কিন্তু না, বরং আমি পেয়েছি ক্ষোভ, ঘৃণা ও ঘৃণাসূচক বক্তব্য এবং সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজসহ সব কিছু বন্ধ করে দিয়েছি।’ তিনি ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানান।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, এতে ‘অসৎ উদ্দেশ্য’র ইঙ্গিত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গ্রোসিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এক্স (পূর্বতন টুইটার)-এ বলেন, হামলার বিরুদ্ধে গ্রোসি কোনো মন্তব্য না করায় তিনি তার দায়িত্বের ‘রীতিমতো বিশ্বাসঘাতকতা’ করেছেন।
শুক্রবার হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না হলে তিনি কি আবারও বিমান হামলার কথা বিবেচনা করবেন? জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, নিঃসন্দেহে।’
তিনি আরও বলেন, ‘খামেনেয়ী এবং ইরানকে আমরা দফায় দফায় পরাজিত করেছি।’
এমন উত্তপ্ত বাক্যযুদ্ধের মধ্যেই ইরান-ইসরাইল যুদ্ধের পর সম্পাদিত অস্ত্রবিরতির বাস্তবায়ন চলছে।
অস্ত্রবিরতির পর খামেনেয়ীর প্রথম প্রকাশ্য বক্তব্য ছিল বৃহস্পতিবারের এক টেলিভিশন ভাষণ।
সেখানে খামেনেয়ী বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে এবং তিনি কখনও যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করবেন না।
তিনি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে ঘটনাবলী অতিরঞ্জিত করেছেন, তা প্রমাণ করে যে তিনি নিজেই এই অতিরঞ্জনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *